top of page

দলবদলে ইস্টবেঙ্গলকে ধাক্কা মোহনবাগানের, মিগুয়েলের সঙ্গে দু’বছরের চুক্তি সবুজ-মেরুনের, ডার্বি জেতানোর আশ্বাস সমর্থকদের

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগানে যোগ দিতে পারেন। দু’পক্ষের আলোচনাও এগোচ্ছিল ইতিবাচক ভাবে। শেষ পর্যন্ত সেই খবরেই সরকারি শিলমোহর পড়ল।

বিশ্বকাপের মধ্যেই কলকাতার ফুটবলের সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় দলবদল হয়ে গেল। গত মরসুমে ইস্টবেঙ্গলের সাফল্যের অন্যতম কারিগর মিগুয়েল ফিগুয়েরাকে সই করিয়ে ফেলল মোহনবাগান সুপার জায়ান্টস। গত আইএসএলে সোনার বলজয়ী ব্রাজ়িলীয় মিডফিল্ডারকে এ বার দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে। যা নিঃসন্দেহে লাল-হলুদ শিবিরের জন্য ধাক্কা।

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল মিগুয়েল মোহনবাগানে যোগ দিতে পারেন। দু’পক্ষের আলোচনাও এগোচ্ছিল ইতিবাচক ভাবে। শেষ পর্যন্ত সেই খবরেই সরকারি শিলমোহর পড়ল। সিরি এ লিগে খেলা মিগুয়েলের সঙ্গে দু’বছরের চুক্তি করেছে মোহনবাগান। এশিয়ার ফুটবলে প্রথম বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলেন মিগুয়েল। সেখানে তিন বছর খেলার পর গত মরসুমে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। এ বার সই করলেন মোহনবাগানে। ২৬ বছরের ফুটবলারকে পাওয়া শক্তিশালী হবে মোহনবাগানের মাঝমাঠ। গোলের পাস বাড়ানোয় দক্ষ মিগুয়েল মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পারেন। লাল-হলুদ জার্সিতেও নিজের ফুটবল দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। গত মরসুমে আইএসএলে ১২টি ম্যাচ খেলে দু’টি গোল করেছেন। পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও পাঁচটি গোলের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মোহনবাগানের সঙ্গে চুক্তি সইয়ের পর এমবি এসজি মিডিয়াকে টিমকে মিগুয়েল বলেছেন, “মোহনবাগান সমর্থকরা অনেকটা ব্রাজ়িলের সমর্থকদের মতোই আবেগপ্রবণ, প্রাণবন্ত। কলকাতায় এক বছর খেলার সুবাদে দেখেছি সবুজ-মেরুন সমর্থকদের দলের প্রতি ভালোবাসা। প্রত্যাশা আর আবেগ নিয়ে ওঁরা গ্যালারি ভরিয়ে তোলেন। ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কিছু ভাবেন না। চ্যাম্পিয়ন হওয়ার চাপ এটা নিয়ে খেলতেই আমি ভালবাসি এবং উপভোগও করি। সবুজ-মেরুন জার্সি পরার জন্য আমি মুখিয়ে আছি।’’ মোহনবাগানের প্রস্তাব পাওয়ার পর স্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন মিগুয়েল।

ব্রাজ়িলীয় ফুটবলার আরও বলেছেন, ‘‘মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আমার আছে। কতটা কঠিন সেটাও জানি। শুধু আইএসএল নয়। ডুরান্ড কাপ, সুপার কাপ—যে যে প্রতিযোগিতায় খেলব, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দলকে সাহায্য করব। গোল করার চেয়েও আমি গোলের পাস বাড়াতে ভালোবাসি। জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকারকে পাব। ওর সঙ্গে মাঠে কিছু ম্যাজিক দেখাতে চাই। ওর সঙ্গে কিছু ভাল গোলের মুহূর্ত উপভোগ করতে চাই।“

কলকাতা ডার্বি নিয়েও কথা বলেছেন মিগুয়েল। তিনি বলেছেন, “কলকাতা ডার্বি সবসময়ই বিশেষ ম্যাচ। সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব আমি জানি। ওই ম্যাচের সঙ্গে অন্য ম্যাচের তুলনাই হয় না। এ বার ডার্বিতে আমি সবুজ-মেরুন জার্সি পরে নামব। যেখানে যে ডার্বি হবে, সেখানেই মোহনবাগান জিতবে। দলকে জেতানোর জন্য ১০০ শতাংশ দেব আমি। সবুজ-মেরুন সমর্থকেরা নিশ্চিত থাকুন । সদস্য, সমর্থকদের ডার্বি হারের কষ্ট দিতে চাই না।“

মোহনবাগান দলকে দেশের সেরা দল বলেও মন্তব্য করেছেন মিগুয়েল। গত বার আইএসএলের পর দেশের ফেরার সময় সঙ্গে করে সোনার বলের পুরস্কারটি সঙ্গে নিয়ে যাননি মিগুয়েল। রেখে যান ইস্টবেঙ্গল তাঁবুতেই।


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page