top of page

৪৪ বছরেও খেলা ছাড়ছেন না অ্যান্ডারসন! দেশের ক্লাব ছাঁটাই করায় বিদেশের লিগে নাম লেখালেন ইংরেজ পেসার

2 days ago
2 min read

ল্যাঙ্কাশায়ার ছাঁটাই করায় সকলে ভেবেছিলেন, এ বার কেরিয়ার শেষ হতে চলেছে জেমস অ্যান্ডারসনের। কিন্তু ৪৪ বছর বয়সেও খেলা চালিয়ে যাবেন তিনি।

নিজের ছোটবেলার কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার ছাঁটাই করায় সকলে ভেবেছিলেন, এ বার কেরিয়ার শেষ হতে চলেছে জেমস অ্যান্ডারসনের। কিন্তু ৪৪ বছর বয়সেও খেলা চালিয়ে যাবেন তিনি। এ বার অন্য দেশের লিগে নাম লেখালেন অ্যান্ডারসন।

ইটালির টি১০ লিগে খেলবেন অ্যান্ডারসন। সেখানে নাপোলির ক্লাব নাপোলি নাইটসের অধিনায়ক করা হয়েছে তাঁকে। এই ক্লাবের অন্যতম মালিকও তিনি। সুতরাং সেখানে খেলতে সমস্যা হবে না ইংল্যান্ডের প্রাক্তন পেসারের।

ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের সঙ্গে খেলা উইকেটরক্ষক লুক সুটনও যোগ দিয়েছেন ইটালির ক্লাবে। অ্যান্ডারসন একটি বিবৃতিতে বলেছেন, “ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এ বার সময় হয়েছে ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার। লুক আর আমি দীর্ঘ দিন একসঙ্গে খেলেছি। এ বার ইটালির টি১০ লিগেও একসঙ্গে খেলব। আশা করছি, সেখানকার ক্রিকেটের উন্নতিতে কিছুটা সাহায‍্য করতে পারব।”

ইংল্যান্ডের জাতীয় দল থেকে অবসরের পরেও ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি খেলছিলেন অ্যান্ডারসন। ২০২৫ সালে মরসুমের মাঝপথে অধিনায়কত্বের দায়িত্বও নেন। ২০২৬ সালে তাঁর নেতৃত্বেই কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলে ল্যাঙ্কাশায়ার।

গত মরসুমে দল হতাশ করলেও অ্যান্ডারসন করেননি। ১৭.৬৮ গড়ে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি। এই বয়সেও ব্যাটারদের সমস্যায় ফেলেন। কিন্তু নতুন চিফ এগজ়িকিউটিভ রিচার্ড কেনিয়ন দায়িত্ব নেওয়ার পর ক্লাবকে নতুন করে সাজাচ্ছেন। তাঁর পরিকল্পনায় অ্যান্ডারসন নেই।

২৫ বছরের কেরিয়ার অ্যান্ডারসনের। ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০০৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলে হয় অভিষেক। টানা ২১ বছর ধরে ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক তিনি। পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

ছোটবেলার ক্লাব ছেড়ে দেওয়ায় অভিমান ঝরে পড়েছিল অ্যান্ডারসনের গলায়। সমাজমাধ্যমে অ্যান্ডারসন লিখেছিলেন, “ছোট থেকে আমি ল্যাঙ্কাশায়ারের সমর্থক। এই ক্লাবে ২৫ বছর ধরে খেলেছি। এটা আমার কাছে স্বপ্নের। আমি সবসময় ওল্ড ট্র্যাফোর্ডে নামার সময় একই রকমের উত্তেজিত থেকেছি। এই মাঠে কত সুন্দর মুহূর্ত রয়েছে। অধিনায়কও হয়েছি। তবে এ ভাবে শেষ হবে ভাবিনি। যাই হোক, দল ও ক্রিকেটারদের ভবিষ্যতের শুভেচ্ছা।” এ বার অন্য দেশে ক্রিকেট শুরু করছেন তিনি।

 


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page