top of page

শীর্ষে থেকেই পরের রাউন্ডে লাল-হলুদ ব্রিগেড, ছোটোদের ডার্বিতে ফের বাজিমাত ইস্ট বেঙ্গলের

যুব ডার্বিতে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে টেক্কা দিল ইস্ট বেঙ্গল। রবিবার নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত আরএফডিএলের বড় ম্যাচে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ল লাল-হলুদ ব্রিগেড। 

 যুব ডার্বিতে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে টেক্কা দিল ইস্ট বেঙ্গল। রবিবার নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত আরএফডিএলের বড় ম্যাচে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ল লাল-হলুদ ব্রিগেড। জোড়া গোলে নায়ক রিকি সিং। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে জোনাল গ্রুপ পর্বে শীর্ষে থেকেই পরের রাউন্ডে পৌঁছাল ইস্ট বেঙ্গল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল ডেগি কার্ডোজোর ছেলেরা। ইস্ট বেঙ্গলের পাশাপাশি মোহন বাগান ও ডায়মন্ডহারবার পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করল।

প্রথম চার ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি দুর্গ অক্ষত রেখেই রবিবার মর্যাদার লড়াইয়ে নেমেছিলেন সুহেল ভাটরা। তবে এদিন তাঁদের সব বিভাগেই টেক্কা দিল ইস্ট বেঙ্গল। বিশেষত দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পরেও কোনও প্ল্যান ‘বি’ ছিল না সবুজ-মেরুন কোচের হাতে। গত কয়েক মরশুমে মর্যাদার ডার্বিতে বারবার পরাস্ত হয়েছেন গোয়ার এই কোচ। তা সত্ত্বেও জামাই আদরে তাঁকে বহাল রেখেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। এদিন আরও একবার স্ট্র্যাটেজির লড়াইয়ে হেরে ঠাসা ক্রীড়াসূচিকে কাঠগড়ায় তুললেন সবুজ-মেরুন কোচ।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন রিকি। তবে এক্ষেত্রে ভাগ্যের সহায়তা পেয়েছেন তিনি। মোহন বাগানের ডিফেন্ডারের শট তাঁর পায়ে লেগে জালে জড়ায় (১-০)। এরপর ম্যাচের সংযোজিত সময়ে দলের জয় নিশ্চিত করেন এই তরুণ স্ট্রাইকার। এক্ষেত্রে প্রতি-আক্রমণ থেকে দেবজিতের শট রুখে দেন বাগানের গোলরক্ষক প্রিয়ান্স। তবে ফিরতি বল জালে ঠেলতে ভুল করেননি রিকি (২-০)। আরও এক ডার্বি জিতে যাবতীয় কৃতিত্ব ছেলেদের দিলেন লাল-হলুদ কোচ অর্চিষ্মান বিশ্বাস। তিনি বলেন, ‘ডার্বির লড়াই সবসময় আলাদা। সেটা মাথায় রেখে ছেলেরা মাঠে নেমেছিল। দু’গোলে জয়ের পাশাপাশি ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়া অবশ্যই তৃপ্তির।’ উল্লেখ্য, চলতি মরশুমে অধিকাংশ আসরে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে ইস্ট বেঙ্গল। এরমধ্যে কলকাতা লিগ, অনূর্ধ্ব-১৮ ডার্বিতে জিতে মাঠ ছেড়েছিল লাল-হলুদ ব্রিগেড। তবে শিল্ড ফাইনালে বশ মেনেছিল ইস্ট বেঙ্গল।

 


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
bottom of page