রেফারির জন্যই হেরে গেলাম! ভার রিপ্লেও মানতে চাইছেন না সুইস কোচ, মেসিদেরও কি কাঠগড়ায় তুললেন ইয়াকিন
- indiasportsgroup
- 2 days ago
- 2 min read

আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রেফারিকে দুষলেন সুইৎজ়ারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। তাঁর অভিযোগ, রেফারির জন্যই হারতে হয়েছে তাঁদের।
আবার নিশানায় রেফারি। আবার আর্জেন্টিনার কাছে হেরে রেফারিকে নিশানা প্রতিপক্ষ কোচের। এই দৃশ্য বার বার দেখা যাচ্ছে এ বারের বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রেফারিকে দুষলেন সুইৎজ়ারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। তাঁর অভিযোগ, রেফারির জন্যই হারতে হয়েছে তাঁদের।
ইয়াকিনের অভিযোগ, তাঁর দলের স্ট্রাইকার ব্রিল এমবোলোকে ভুল লাল কার্ড দেখিয়েছেন পর্তুগিজ় রেফারি জোয়াও পিনেইরো। রেফারির ওই এক সিদ্ধান্ত তাঁর সব পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছে। ইয়াকিন বলেন, “একটা ভুলের জন্য আমাদের শাস্তি দেওয়া হল। লাল কার্ড দেখানোর কোনও কারণ ছিল না। আমি বুঝলাম না। খুবই সাধারণ ঘটনা ছিল। এতে এত কড়া সিদ্ধান্তের কোনও কারণ ছিল না। রেফারির সিদ্ধান্ত আমাদের সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছে।”
সমতা ফেরানোর পর সুইৎজ়ারল্যান্ডের ফুটবলারেরা যখন আক্রমণের গতি আরও বাড়ানোর পরিকল্পনা করছেন, তখনই সবচেয়ে বড় ভুলটা করে ফেলেন এমবোলো। প্লে অ্যাক্টিং করে মাঠে ছিটকে পড়ে যাওয়ার অভিনয় করেন। প্রথমে আর্জেন্টিনার ফুটবলার লিয়োনার্দো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু এমবোলোর নাটক ধরে ফেলে ‘ভার’। সেখানে দেখা যায়, পারেদেস এমবোলোকে ফাউলই করেননি। উল্টে প্রতিপক্ষকে হলুদ কার্ড দেখানোর জন্য ইচ্ছা করে ডাইভ দিয়েছেন এমবোলো। ফলে পারেদেসের হলুদ কার্ড তুলে নিয়ে এমবোলোকে হলুদ কার্ড দেখান রেফারি। আগেই একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এমবোলোকে। এই লাল কার্ডে বিতর্কের জায়গা নেই।
কিন্তু ‘ভার’-এর রিপ্লেও মানতে চাননি ইয়াকিন। সুইস কোচ বলেন, “ওই সিদ্ধান্ত কোনও মতেই মানা যায় না। আমার মত সম্পূর্ণ ভিন্ন। পারেদেস এমবোলোকে পরিষ্কার ফাউল করেছিল। আমি বুঝতে পারলাম না, রেফারি ও ভার কী ভাবে এই সিদ্ধান্ত দিল।”
তবে আর্জেন্টিনার দিকে আঙুল তোলেননি ইয়াকিন। আর্জেন্টিনাকে রেফারি বাড়তি সুবিধা দিয়েছেন, এমন অভিযোগও তোলেননি তিনি। ইয়াকিন বলেন, “আমি বলব না ওদের সুবিধা দেওয়া হয়েছে। খুব ভাল খেলা হয়েছে। দু’দলই ফুটবল খেলতে নেমেছিল। কিন্তু ফুটবল এই ম্যাচে জিততে পারল না। আমাদের শাস্তি দেওয়া হল। সেটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। আমরা অভিযোগ করতে পারি। কিন্তু আর্জেন্টিনাকে শুভেচ্ছা।”




Comments