মিশরের দাবি অন্যায্য, সালাহ্কে পেনাল্টি না দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রেফারি! মেসিদের ম্যাচের নতুন রিপ্লে প্রকাশ্যে
- indiasportsgroup
- Jul 10
- 2 min read

মিশরের দাবি, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। ফিফার কাছেও অভিযোগ করেছে তারা। কিন্তু ম্যাচের নতুন রিপ্লেতে ইঙ্গিত, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি।
পেনাল্টি বিতর্কে স্বস্তি পেতে পারে আর্জেন্টিনা। স্বস্তি পেতে পারেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেতেসিয়ার। ম্যাচ হেরে মিশরের দাবি, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। মহম্মদ সালাহের ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। এই বিষয়ে ফিফার কাছেও অভিযোগ করেছে তারা। কিন্তু ম্যাচের নতুন রিপ্লেতে ইঙ্গিত, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি।
খেলার স্কোর তখন ২-২। সংযুক্তি সময়ের খেলা চলছে। আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েছিলেন মো সালাহ্। রক্ষণকে সাহায্য করতে সেখানে ছিলেন ইউলিয়ান আলভারেজ়। তিনি সালাহের পা থেকে বল কেড়ে নেন। যদিও পেনাল্টি বক্সের মধ্যে পড়ে যান সালাহ্। পেনাল্টির আবেদন করেন তিনি। গোটা মিশরের বেঞ্চ পেনাল্টির আবেদন করে। কিন্তু রেফারি তাতে কান দেননি। তিনি খেলা চালিয়ে যান।
সালাহের কাছ থেকে বল কাড়ার পর প্রতি আক্রমণ থেকে বল পান লাউতারো মার্তিনেজ়। তাঁর ক্রসে হেডে জয়সূচক গোল করেন আর্জেন্টিনার এঞ্জো ফের্নান্দেজ়। এতে আরও রেগে যায় মিশরের বেঞ্চ। চতুর্থ রেফারির সঙ্গে ঝামেলা শুরু হয়। বাধ্য হয়ে রেফারি এসে মিশরের কোচ হোসাম হাসানকে হলুদ কার্ড দেখেন। আরও এক সাপোর্ট স্টাফকে লাল কার্ড দেখানো হয়।
মিশরের অভিযোগ, সালাহ্কে পেনাল্টি দেওয়া হয়নি। জোর করে আর্জেন্টিনাকে জেতানো হয়েছে বলে অভিযোগ করেছেন হাসান। এই বিষয়ে সমাজমাধ্যম উত্তাল। অনেকেই রেফারির উপর পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে একটু নতুন রিপ্লে সামনে এসেছে।
সেই রিপ্লেতে দেখা যাচ্ছে, বক্সে ঢোকার সময় দিক পরিবর্তন করতে গিয়ে বলের উপর থেকে নিয়ন্ত্রণ হারান সালাহ্। সেই সময়ই বল কেড়ে নেন আলভারেজ়। সালাহ্ আগেই মাটিতে পড়ে যাচ্ছিলেন। সেই সময় আলভারেজ়ের পায়ে সামান্য লাগে তাঁর। আলভারেজ় ইচ্ছা করে সালাহ্কে ফাউল করেননি। বরং সালাহ্ নিজেই আলভারেজ়ের পায়ের সঙ্গে পা লাগান। সেখানেও এমন কিছু ফাউল হয়নি, যাতে পেনাল্টি দেওয়া যায়। তা ছাড়া সেই সময় বলের নিয়ন্ত্রণও সালাহের পায়ে ছিল না। এই রিপ্লে সামনে আসার পর মেসিভক্তদের দাবি, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন রেফারি। তিনি সেই সময় পেনাল্টি দিলেও হয়তো ভার রিপ্লে দেখে তা বদল করতেন। কিন্তু খেলার ছন্দ নষ্ট করতে চাননি তিনি। সালাহ্ পেনাল্টি আদায় করার চেষ্টা করেছিলেন। বলের নিয়ন্ত্রণ তাঁর কাছে ছিল না। ফলে কোনও ভাবেই তা পেনাল্টি নয়। এই নতুন রিপ্লে পেনাল্টি নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিল।




Comments