ম্যাচের সেরা সুদীপ চ্যাটার্জি, বোনাস পয়েন্ট সামিদের, রনজি ট্রফির শেষ আটে বাংলা
- indiasportsgroup
- 5 days ago
- 1 min read

দেওয়াললিখন শনিবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। বাংলার ৫১৯ রানের জবাবে ফলো অনের পরও দ্বিতীয় ইনিংসে ধুঁকছিল সার্ভিসেস। ২৩১ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল তাদের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেওয়াললিখন শনিবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। বাংলার ৫১৯ রানের জবাবে ফলো অনের পরও দ্বিতীয় ইনিংসে ধুঁকছিল সার্ভিসেস। ২৩১ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল তাদের। রবিবার চতুর্থ দিনে মাত্র এক ঘণ্টার মধ্যেই ২৮৭ রানে গুটিয়ে গেল অ্যাওয়ে দল। অর্থাত্, ইনিংস ও ৪৬ রানে জয়ী বাংলা। বোনাস পয়েন্ট নিয়ে গ্রুপের এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার-ফাইনালে জায়গা পাকা করল বঙ্গ-ব্রিগেড। বৃহস্পতিবার রোহতকে হরিয়ানার বিরুদ্ধে শেষ ম্যাচে নক-আউটের প্রস্তুতি সারবেন অভিমন্যুরা।
এমন দাপটে জয়ের জন্য প্রশংসা প্রাপ্য সুদীপ চ্যাটার্জির। প্রথম ইনিংসে তাঁর ২০৯ রানের ইনিংসই গড়ে দেয় সাত পয়েন্ট পাওয়ার ভিত। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা সুদীপ। পাশাপাশি, উল্লেখ করতে বোলারদের কথাও। চলতি মরশুমে এই প্রথমবার চার তারকা পেসার মহম্মদ সামি, আকাশদীপ, মুকেশ কুমার ও সুরজ সিন্ধু জয়সওয়ালকে একসঙ্গে পেয়েছিলেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। তাঁরা যে একসঙ্গে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা এই ম্যাচে প্রতিফলিত।
দুই ইনিংস মিলিয়ে সামি ৭ উইকেট নিয়েছেন। তারপরও কি জাতীয় দলে ব্রাত্য থাকতে হবে তাঁকে? ম্যাচ শেষে এই প্রশ্নে সামির জবাব, ‘এটা আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে, তা হল ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া। সেটাতেই জোর দিচ্ছি।’ তবে আসন্ন টি-২০ বিশ্বকাপে সামির বাজি ভারতই। তিনি বলেন, ‘আমি একা নই, গোটা ভারতবর্ষ চায় ট্রফিটা দেশেই থাকুক। টিম ইন্ডিয়া দুরন্ত ফর্মে রয়েছে। আশা করি, বিশ্বকাপেও তা ধরে রাখবে।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুব খুশি। নক-আউট পর্বের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে।’
সার্ভিসেসের বিরুদ্ধে দাপটে জিতলেও বাংলার ফিল্ডিং নিয়ে প্রশ্ন থাকছে। রবিবার সকালেও একাধিক ক্যাচ ফস্কান শাহবাজরা। এই প্রসঙ্গে ক্যাপ্টেন অভিমন্যু অবশ্য চিন্তিত নন। বরং তিনি অভিজ্ঞ ক্রিকেটারদের প্রশংসায় ভরালেন। তাঁর মন্তব্য, ‘অবশ্যই ফিল্ডিংয়ের বিষয়ে নজর দেওয়া হবে। আলাদা করে বলতে হবে দুই অভিজ্ঞ ক্রিকেটার সুদীপ ও সামির কথা। তবে পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেলেও সন্তুষ্ট হওয়ার অবকাশ নেই। শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক-আউটে যাওয়া লক্ষ্য।’ উল্লেখ্য, ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ সি-এর শীর্ষে রয়েছে বাংলা।




Comments