বৈভবকে আউট করতে গেলে কোথায়, কোন বল করতে হবে, জানেন আর্চার! ফাঁস করে দিলেন সতীর্থের দুর্বলতা
- indiasportsgroup
- 9 hours ago
- 2 min read

বৈভব সূর্যবংশীর দুর্বলতা কি বাকিদের কাছে ফাঁস করে দিলেন জফ্রা আর্চার? ১৫ বছরের ব্যাটারকে আটকাতে কোথায় বল করতে হবে, তা জানেন তিনি।
জসপ্রীত বুমরাহ, প্যাট কামিন্স, জশ হেজ়লউডেরা যা জানেন না, তা জানেন জফ্রা আর্চার। বৈভব সূর্যবংশীকে আউট করতে কোথায় বল করতে হবে, তা জানেন তিনি। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে কি বৈভবের দুর্বলতা সকলের সামনে ফাঁস করে দিলেন রাজস্থানের পেসার?
খেলা শেষে আর্চারকে প্রশ্ন করা হয়, তিনি নেটে বৈভবকে দেখেছেন। তার দুর্বলতা ঠিক কোথায়? তিনি কি জানেন যে, বৈভবকে আউট করতে হলে কোথায় বল করতে হবে? জবাবে আর্চার বলেন, “আমি জানি।” যদিও তার পরেই রাজস্থানের পেসার বলেন, “আইপিএল শেষ হওয়ার পর আপনাদের বলব।” অর্থাৎ, এখনই সতীর্থের দুর্বলতা ফাঁস করেননি তিনি। তবে ভবিষ্যতে করবেন বলে জানিয়েছেন।
হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রান করেছে বৈভব। তার ব্যাটে ভর করে ২৪৩ রান করেছে রাজস্থান রয়্যালস। ৪৭ রানে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে তারা। আর্চার জানেন, বৈভব যত ভাল খেলবে, তাঁদেরও তত সুবিধা। তিনি চান, এক ইনিংসে ১৫০ রান করুক বৈভব। আর্চার বলেন, “ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে। ও যত বেশি রান করবে, আমরাও তত বেশি রান হাতে পাব। ও এক ইনিংসে ১৫০ রান করতে পারে। আমি চাই, ও করুক।”
বৈভব নিজে জানিয়েছে, বোলারের নাম দেখে সে কখনও খেলে না। বল দেখে খেলে। সেই কারণেই বুমরাহ, হেজ়লউড, কামিন্সের মতো তারকাদের প্রথম বলেই সে ছক্কা মারতে পেরেছে। এখনও পর্যন্ত তাকে আটকানোর কোনও উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সব পরিকল্পনার জবাব রয়েছে ১৫ বছরের ব্যাটারের কাছে।
বুধবার হায়দরাবাদও বৈভবের বিরুদ্ধে তিনটি পরিকল্পনা নিয়ে নেমেছিল। শুরুতে কামিন্স নিজে বৈভবের বিরুদ্ধে ইয়র্কারের পরিকল্পনা করেন। তা কাজে লাগেনি। সামনের পা সরিয়ে মিড অফ ও সামনে কয়েকটি বড় শট খেলে বৈভব। রাউন্ড দ্য উইকেটে এসে বৈভবের অফ স্টাম্প লক্ষ্য করে লেংথে বল করা শুরু করেন তিনি। তা-ও কাজে আসেনি। কভার ও মিড অফে ছক্কা খান কামিন্স।
সঙ্গে সঙ্গে প্ল্যান বি অনুযায়ী বল করা শুরু করে হায়দরাবাদ। কামিন্স-সহ সাকিব হুসেন, প্রফুল্ল হিঙ্গে, ঈশান মালিঙ্গারা বৈভবকে দ্রুত গতিতে বাউন্সার করা শুরু করেন। কিন্তু তাতেও বৈভবকে আটকানো যায়নি। একের পর এক পুল শট মারতে শুরু করে সে। স্কোয়্যার লেগ, মিড উইকেট ও লং লেগে কয়েকটি ছক্কা মারে সে।
বাধ্য হয়ে তৃতীয় পরিকল্পনা অনুযায়ী বল করা শুরু করেন কামিন্সেরা। বলের গতি কমিয়ে কাটার দেওয়া শুরু করেন তাঁরা। বৈভব সেই বলও দেখে বড় শট মারা শুরু করে। কোনও ভাবেই তাকে আটকানো যায়নি। কিন্তু আর্চার জানিয়েছেন, তিনি বৈভবের দুর্বলতা জানেন।
চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৬৮০ রান করেছে বৈভব। ৪৫.৩৩ গড় ও সবচেয়ে বেশি ২৪২.৮৫ স্ট্রাইক রেটে রান করেছে সে। একটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। ৫৫ চার ও ৬৫ ছক্কা মেরেছে বৈভব। সে-ই একমাত্র ব্যাটার, যার চারের থেকে ছক্কার সংখ্যা বেশি। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছে বৈভব। ভেঙে ফেলেছে ক্রিস গেলের রেকর্ড।




Comments