‘দুটো হারেই গেল গেল রব!’ সমালোচকদের জবাব ভারতের ব্যাটিং কোচের, জানিয়ে দিলেন দলের লক্ষ্য কী
- indiasportsgroup
- Jul 7
- 2 min read

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে ভারত। মঙ্গলবার জিততে পারলে ১-১ ফলে শেষ হবে সিরিজ়। না হলে আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডেও সিরিজ় হারতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।
শ্রেয়স আয়ারদের পাশে দাঁড়িয়ে সমালোচকদের বিরুদ্ধে সরব হলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন তাঁর দাবি, এত অল্পেই গেল গেল রব তোলা ঠিক নয়।
টানা দু’বারের টি-টোয়েন্টি বিশ্বজয়ী ভারত। বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ়েই আয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে আবার হার। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শ্রেয়স এখনও জয়ের মুখ দেখেননি। স্বভাবতই ভারতীয় দলের সমালোচনা শুরু হয়ে গিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে আবার সুর চড়াতে শুরু করেছেন। তা নিয়েই সোমবার সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন কোটাক।
ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেছেন, ‘‘আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— ক্রিকেটের তিন বিভাগেই উন্নতি করতে হবে। গত বিশ্বকাপের পর আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের পরবর্তী পর্যায়ে পৌঁছোনোর চেষ্টা করছি। কারণ সব দলই চায় আরও উন্নতি করতে। আমরা একটা-দুটো ম্যাচের ফল নিয়ে ভাবি না। আসলে জিতলে সকলে প্রশংসা করেন। আবার একটা ম্যাচ হারলে বা দুটো ক্যাচ পড়লেই নানা কথা শুরু হয়ে যায়। বলা হয়, ফিল্ডিং ভাল হচ্ছে না। মনে রাখতে হবে, শেষ দু’বছরে আমরা একটাও সিরিজ় হারিনি। বিশ্বকাপ জিতেছি। এশিয়া কাপ জিতেছি। তখন সকলে বলছিল, খুব ভাল। দুটো ম্যাচ হারতেই গেল গেল রব তোলা হচ্ছে!’’
কোটাক বলেছেন, ভারতের টি-টোয়েন্টি দল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা পদ্ধতি শুরু হয়েছে। গুছিয়ে ওঠার জন্য কিছুটা সময় প্রয়োজন। তিনি বলেছেন, ‘‘আমাদের দলে কিছু পরিবর্তন হয়েছে। অধিনায়ক বদল হয়েছে। হার্দিক পাণ্ড্য খেলতে পারছে না। আগামী দু’বছরের কথা ভেবে নতুন কিছু ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এমন ফল হওয়া হয়তো উচিত নয়। কিন্তু হতেই পারে। কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে। তবে আমরা জানি, পরের বিশ্বকাপ জিততে হলে গত বারের চেয়েও আমাদের ভাল খেলতে হবে।’’
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। মঙ্গলবার জিততে পারলে ১-১ ফলে শেষ হবে সিরিজ়। না হলে আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডেও হারতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। কোটাক জানিয়েছেন, তাঁরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। দলে আত্মবিশ্বাসের কোনও অভাব নেই।




Comments