চার বার সুযোগ পেয়েও ব্যর্থ বৈভব! ত্রিদেশীয় সিরিজ়ে আফগানিস্তান ‘এ’ দলকে ১০১ রানে হারালেন তিলকেরা
- indiasportsgroup
- 2 hours ago
- 2 min read

বুধবার ২৮ বলে ৩৮ রানের ইনিংসে এক দমই সাবলীল ছিল না বৈভব সূর্যবংশী। ০, ৮, ২৫ এবং ৩৭ রানের মাথায় বৈভবকে আউট করা সুযোগ হাতছাড়া করে আফগানেরা।
ত্রিদেশীয় সিরিজ়ে আফগানিস্তান ‘এ’ দলকে ১০১ রানে হারাল ভারত ‘এ’ দল। প্রথম ম্যাচ করে তিলক বর্মার দল করে ৯ উইকেটে ৩১৯। জবাবে আফগানদের ইনিংস শেষ হয় ৩৬.৫ ওভারে ২১৮ রানে। এই ম্যাচে একাধিক বার বেঁচে গিয়েও ভাল রান পেল না বৈভব সূর্যবংশী। বিতর্ক তৈরি হল তার আউট নিয়েও।
জোরে বোলার ফারিদুন দাউদজ়াইয়ের খাটো লেংথের একটি বল হুক করতে গিয়ে ভুল করে বৈভব। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে। ভাল ক্যাচ ধরেন খালিদ তানিওয়ান। বৈভবকে আউট করে ঠোঁটের উপর আঙুল রেখে চুপ করানোর ভঙ্গিতে উদ্যাপন করেন দাউদজ়াই। বিষয়টি ভাল ভাবে নেয়নি বৈভব। বোলারের দিকে কিছু ক্ষণ তাকিয়ে থেকে হাতের ইশারায় কিছু বলে। ২৮ বলে ৩৮ রানের ইনিংসে এক দমই সাবলীল ছিল না বৈভব। ০, ৮, ২৫ এবং ৩৭ রানের মাথায় বৈভবকে আউট করা সুযোগ হাতছাড়া করে আফগানেরা। তৈরি হয়েছে বিতর্কও। বৈভব ০ রানে ব্যাট করার সময় শামস উর রহমানের বলে গালিতে ক্যাচ দেন। আফগান ফিল্ডার বাঁ দিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ তালুবন্দি করেন। সাধারণ চোখে দেখে মনে হয়েছে বৈভব আউট ছিল। ১৫ বছরের ব্যাটারও সাজঘরের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু মাঠের আম্পায়ারেরা নিশ্চিত হতে না পারায় তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। তিনি রিপ্লে দেখে জানান, ক্যাচ ধরার সময় বল মাটি স্পর্শ করেছে। ফলে বেঁচে যায় বৈভব।
বৈভব ভাল খেলতে না পারলেও অন্য ব্যাটারেরা ভাল জায়গায় পৌঁছে দেন দলকে। ওপেনার প্রিয়াংশ আর্য করেন ৪২ বলে ৫৮। ৯টি চার এবং ১টি ছয় মারেন। রুতুরাজ গায়কোয়াড় (৩১ বলে ৩০) বড় রান পেলেন না তিন নম্বরে নেমে। তিলক ৭৫ বলে ৫৯ রানের ইনিংস খেললেন ৫টি চারের সাহায্যে। কুমার কুশাগ্রের ব্যাট থেকে এল ৬৭ বলে ৫৮ রান। তিনিও ৫টি চার মারেন। ২৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন নিশান্ত সিধু। ২০ বলে ৩০ রান করে ভারতে ৩০০-র গণ্ডি পার করে দেন ভিপরাজ নিগম।
আফগান বোলারদের মধ্যে সফলতম আব্দুল্লা আহমেদজ়াই ৬২ রানে ২ উইকেট নিয়েছেন। ৬২ রানে ২ উইকেট ফারমানুল্লাহেরও। ৭৪ রানে ২ উইকেট দাউদজ়াইয়ের। ৫৮ রানে ১ উইকেট জ়াহির খানের।
জয়ের জন্য ৩২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি আফগানিস্তান ‘এ’ দলের ব্যাটারেরা। ৭০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ দিকের ব্যাটারেরাও ব্যর্থ। বলার মতো রান করেছেন ওপেনার তথা অধিনায়ক ইমরান মির (২৭ বলে ৩২), চার নম্বরে নামা ফয়জল শিনোজ়াদা (৫৬ বলে ৪৬) এবং পাঁচ নম্বরে নামা বহির শাহ (৫২ রানে ৫৭)। ভারতীয় বোলিং আক্রমণের সামনে প্রায় নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে আফগানিস্তান।
ভারতের সফলতম বোলার নিশান্ত ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন। ৪৮ রানে ২ উইকেট যশ ঠাকুরের। ২৯ রানে ১ উইকেট সূর্যাংশ শেডগের। ৩০ রানে ১ উইকেট অনশুল কম্বোজের। ৩৮ রানে ১ উইকেট নিগমের। এ ছাড়া ৪০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন অনুকূল রায়।




Comments