top of page

গম্ভীর, শ্রেয়সদের শেখাচ্ছেন মন্ধানা, রিচারা! লর্ডসে তৃতীয় দিনেও দাপট ভারতের, জয়ের গন্ধ পাচ্ছেন হরমনপ্রীতেরা

লর্ডসে প্রথম টেস্টে দাপট ভারতীয় মহিলা দলের। তৃতীয় দিনও গেল ভারতের দখলে। এখন থেকেই জয়ের গন্ধ পেতে শুরু করেছেন হরমনপ্রীত কৌরেরা।

ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন করে খেলা উচিত তার শিক্ষা ভারতের মহিলা দলের কাছে শেখা উচিত পুরুষ দলের। কী ভাবে দাপট দেখাতে হয় তা স্মৃতি মন্ধানা, যস্তিকা ভাটিয়া, রিচা ঘোষদের কাছে শেখা উচিত গৌতম গম্ভীর, শ্রেয়স আয়ারদের।

লর্ডসের মাটিতে প্রথম টেস্টে তিন দিনেই জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। তিন দিনই দাপট দেখিয়েছে ভারতের মহিলা দল। তৃতীয় দিনের শেষে ভারতের জিততে দরকার আর মাত্র ৪ উইকেট। অন্য দিকে ইংল্যান্ডের দরকার এখনও ৩২৭ রান।

দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ১৫৪। মন্ধানা ৬৯ ও যস্তিকা ৩৯ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন মন্ধানা আর বেশি রান করতে পারেননি। ৭০ রানে আউট হন তিনি। কিন্তু যস্তিকা খেলা চালিয়ে গেলেন। জেমাইমা রদ্রিগেজ়, হরমনপ্রীত, দীপ্তি শর্মারা রান না পেলেও যস্তিকাকে আউট করতে হিমশিম খেল ইংল্যান্ড।

শতরান করলেন যস্তিকা। লর্ডসে মহিলা ক্রিকেটারদের মধ্যে প্রথম শতরানের রেকর্ড লেখা থাকল তাঁর নামে। ১৪ চারের সাহায্যে ১১৩ রানের এই ইনিংস ভারতকে বড় রানে নিয়ে গেল। শেষ দিকে হাত খুললেন বাংলার রিচা। মাত্র ৫২ বলে ৫০ রান করলেন তিনি। রিচার অর্ধশতরানের পরেই ৭ উইকেটে ৩৪১ রানের মাথায় দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ভারত।

ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪৫৭ রান। এই বিশাল রান তাড়া করতে হলে শুরুটা ভাল করা দরকার ছিল ন্যাট শিভার-ব্রান্টদের। কিন্তু সায়ালি সাতঘরে ও ক্রান্তি গৌড়ের দাপটে তা হল না। দুই ওপেনার দ্রুত সাজঘরে ফিরলেন। ইংল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কা দিলেন স্নেহ রানা। ১১ রানের মাথায় অধিনায়ক শিভার-ব্রান্টকে আউট করলেন তিনি।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও একাই লড়াই করলেন উইকেটরক্ষক এমি জোন্স। দিনের শেষে ৫২ রানে অপরাজিত তিনি। কিন্তু আর ব্যাটার বেশি বাকি নেই ইংল্যান্ডের। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ১৩০। অর্থাৎ, প্রথম ইনিংসের থেকেও খারাপ হাল তাদের।

ভারতের দুই পেসার সায়ালি ও ক্রান্তি ২ করে উইকেট নিয়েছেন। জোড়া উইকেট নিয়েছেন স্নেহও। লর্ডসে প্রথম টেস্ট জিততে আর মাত্র ৪ উইকেট দরকার হরমনদের। চতুর্থ দিন শুরুতেই সেই ৪ উইকেট তুলে নিতে চাইবেন হরমনেরা। তাঁরা দেখিয়ে দিলেন, ইংল্যান্ডের পরিবেশ ইংল্যান্ডের থেকেও ভাল কী ভাবে ব্যবহার করা যায়। গত কয়েক দিনে ইংল্যান্ডের মাটিতে ভারতের পুরুষদের দল যে ভাবে মুখ থুবড়ে পড়েছে, তাতে মহিলাদের থেকে শিক্ষা নিতে পারে তারা।

 


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page