কলকাতা লিগ থেকেও বাদ অভিষেকের দল ডায়মন্ড হারবার! নেই সুজিতের শ্রীভূমিও, তবে খেলবে অরূপের সুরুচি সঙ্ঘ
- indiasportsgroup
- 2 days ago
- 2 min read

ডুরান্ড কাপে খেলার ডাক পায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। এ বার কলকাতা লিগ থেকেও বাদ পড়ল তারা। নেই সুজিত বসুর ক্লাব শ্রীভূমিও।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর ফুটবলের প্রথম ঘরোয়া মরসুম শুরু হয়েছে। আর তাতেই পর পর চমক। কয়েক দিন আগে জানা গিয়েছিল, গত বারের রানার্স আপ ডায়মন্ড হারবার এফসি-কে বাদ দেওয়া হয়েছে এ বারের ডুরান্ড কাপ থেকে। এ বার কলকাতা লিগ থেকেও বাদ পড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।
শুধু অভিষেকের ক্লাব নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও এ বারের কলকাতা লিগে নেই। তবে রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সঙ্ঘ খেলছে কলকাতা লিগে।
রবিবার থেকে শুরু হয়েছে কলকাতা লিগ। প্রথম ম্যাচে হোসে ব্যারেটোর জর্জ টেলিগ্রাফকে হারিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল। কিন্তু প্রতিযোগিতায় নেই ডায়মন্ড হারবার এফসি। এই প্রসঙ্গে বাংলার ফুটবল সংস্থার (আইএফএ) সভাপতি অনির্বাণ দত্ত জানিয়েছেন, সময়ের মধ্যে দুই ক্লাব কোনও জবাব না দেওয়ায় তাদের ছাড়াই লিগ শুরু হয়েছে।
অনির্বাণ বলেন, “শুনতে পাচ্ছিলাম ডায়মন্ড হারবার ও শ্রীভূমি এ বার দল করছে না। ওরা খেলবে না। ওরা বৈঠকেও আসেনি। ওদের চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম, খেলবে কিনা। খেললে ৩০ জুনের মধ্যে জানাতে বলেছিলাম। কিন্তু ওদের তরফ থেকে কোনও উত্তর পাইনি। তাই ওদের বাদ দিয়েই লিগ শুরু করেছি।” দুই দল না খেলায় নতুন করে গ্রুপ তৈরি করতে হয়েছে আইএফএ-কে। অনির্বাণ বলেন, “ওরা জানায়নি বলে আমাদের আবার লটারি করে নতুন করে গ্রুপ বানিয়ে লিগ শুরু করতে হয়েছে।” তবে অরূপের ক্লাব সুরুচি সঙ্ঘ খেলবে বলে জানিয়েছেন আইএফএ সভাপতি। দ্রুত সব সমস্যা মিটিয়ে সময়ে লিগ শুরু করার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে ধন্যবাদ জানিয়েছেন অনির্বাণ। ক্রীড়ামন্ত্রীর হাতেই হয়েছে এ বারের লিগের সূচনা।
রাজ্যে সরকার বদলের পর ডায়মন্ড হারবার ক্লাবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ক্লাবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি-সহ নানা অভিযোগ রয়েছে। এখনও অনুশীলনই শুরু করতে পারেনি। একাধিক ফুটবলার ক্লাব ছেড়েছেন। গত মরসুমের আইএফএল জিতে আইএসএলের যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। সেখানেও তাদের খেলা নিয়ে জটিলতা রয়েছে।
উল্লেখ্য, মাস খানেক আগে তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন, ডায়মন্ড হারবার ক্লাবের গঠন এবং কার্যকলাপ নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে সরকারের কাছে। নিশীথ বলেছিলেন, “ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি আমরা। সঠিক নিয়ম মেনে ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে কি না তা নিয়ে অভিযোগ পেয়েছি। পাশাপাশি ক্লাব চালানোর অর্থ কোথা থেকে আসে, কোথায় অর্থ খরচ করা হয় তা নিয়েও অভিযোগ রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
ক্লাবের আর্থিক অবস্থা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছিলেন নিশীথ। পাশাপাশি তদন্তের প্রয়োজনে ক্লাবের স্পনসরদেরও তলব করা হতে পারে। নিশীথের কথায়, “আলোচনার জন্য স্পনসরদের ডাকা হতে পারে। কোথা থেকে ক্লাব চালানোর টাকা আসছে, কী ভাবে টাকার জোগান দেওয়া হচ্ছে তা দেখা হবে।”
ডায়মন্ড হারবার যে মাঠে অনুশীলন করে, বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের সেই মাঠ জোর করে দখল করে রাখার অভিযোগও জমা পড়েছিল। নিশীথ বলেছিলেন, “দখলমুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। তদন্তে যা পাওয়া যাবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সব প্রকাশ্যে আনা হবে।”




Comments