ইংল্যান্ডের জার্সি গায়ে দ্রাবিড়! ম্যাকালামের পদত্যাগের পর ইংরেজরা চায় ভারতের বিশ্বজয়ী কোচকে
- indiasportsgroup
- 2 days ago
- 1 min read

ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব ছেড়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর পদত্যাগের পর ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে দায়িত্ব দিতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তবে কি এ বার ইংল্যান্ডের জার্সি গায়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন রাহুল দ্রাবিড়? ভারতকে হারানোর পরিকল্পনা করবেন তিনি? ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব ছেড়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর পদত্যাগের পর ভারতের প্রাক্তন কোচ দ্রাবিড়কে দায়িত্ব দিতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
‘ডেলি টেলিগ্রাফ’ একটি রিপোর্টে এ কথা জানিয়েছে। ভারতকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন দ্রাবিড়। টেস্ট কোচ হিসাবেও তাঁর রেকর্ড খারাপ নয়। দ্রাবিড়ের কোচিংয়েই ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত।
তবে দ্রাবিড় সেই দায়িত্ব নিতে চান কি না, তা এখনও জানা যায়নি। রিপোর্টে জানানো হয়েছে, দ্রাবিড় এই মুহূর্তে পুরোপুরি ভাবে কোনও দলের দায়িত্ব নিতে চান না। রিপোর্টে বলা হয়েছে, “দ্রাবিড় এখন পুরোপুরি কোনও দলের দায়িত্ব নিতে চান না। ইংল্যান্ডের টেস্ট কোচ হলে সারা বছর কোচিং করানোর প্রয়োজন পড়বে না। তিনি পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারবেন। ফলে ইংল্যান্ডের প্রস্তাব পছন্দ হতে পারে দ্রাবিড়ের।”
দ্রাবিড় ছাড়াও ইংল্যান্ডের পছন্দের তালিকায় রয়েছে তাদেরই প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল কোচ তিনি। ফ্লাওয়ারের কোচিংয়ে তিনটি অ্যাশেজ় জিতেছিল ইংল্যান্ড। এক নম্বর দল হয়েছিল তারা।
কোচ হিসাবে ফ্লাওয়ারের সাফল্য অনেক। সম্প্রতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসাবে বিরাট কোহলিদের টানা দু’বার ট্রফি জিতিয়েছেন তিনি। ফলে তাঁকে আবার কোচের দায়িত্ব দিতে পারে ইংল্যান্ড। তবে তাদের পছন্দে তালিকায় এগিয়ে দ্রাবিড়।
এই দু’জন ছাড়াও শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ, পাকিস্তানের কোচ মাইক হেসন ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারকে নিয়েও আলোচনা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।




Comments