আবার বায়না বেলজিয়ামের! এ বার অনুশীলনের মাঠ নিয়ে ফিফার কাছে অভিযোগ, ‘এই মাঠে খেললে জিতব কী ভাবে’
- indiasportsgroup
- Jul 10
- 2 min read

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি বেলজিয়াম। সেই ম্যাচে নামার আগে অনুশীলনের মাঠ নিয়ে ফিফাকে অভিযোগ করেছে তারা।
বেলজিয়ামের অভিযোগ থামার নাম নেই। বিশ্বকাপের শেষ ষোলোর আগে আমেরিকার ফোলারিন বালোগুনের সাসপেনশন প্রত্যাহার করায় ফিফার কাছে অভিযোগ করেছিল তারা। এ বার কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে নামার আগে অনুশীলনের মাঠ নিয়ে ফিফার কাছে অভিযোগ করেছে রুডি গার্সিয়ার দল।
লস অ্যাঞ্জেলেসে লায়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করছে বেলজিয়াম। তাদের অভিযোগ, মাঠ অনুশীলনের যোগ্য নয়। রয়্যাল বেলজিয়ান ফুটবল সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, অনুশীলনের মাঠের যে ন্যূনতম মান থাকা উচিত তা তারা পাচ্ছে না।
ফিফাকে অভিযোগ করে বেলজিয়াম বলেছে, “লায়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ের যে মাঠে আমাদের অনুশীলন করতে বলা হয়েছে, তা দেখে আমরা হতাশ। অনুশীলনের মাঠের যে ন্যূনতম মান থাকা উচিত, তা এই মাঠে নেই। এখানে অনুশীলন করলে ফুটবলারেরা চোট পেতে পারে। ভাল ভাবে অনুশীলন না করে স্পেনের বিরুদ্ধে ম্যাচ জেতা মুশকিল। এই মাঠে অনুশীলন করলে আমরা জিতব কী ভাবে? আমাদের অনুশীলনের মাঠ বদল করা হোক।”
জানা গিয়েছে, বেলজিয়ামের আবেদন মেনে নিয়েছে ফিফা। আপাতত তারা মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মাঠে অনুশীলন করবে। যদিও এই ঘটনায় ক্ষুব্ধ লায়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়। তারা পাল্টা একটি বিবৃতিতে বলেছে, “সুলিভান ফিল্ডের যে মাঠে বেলজিয়াম অনুশীলন করছিল, তাতে কোনও সমস্যা নেই। সব কিছু খতিয়ে দেখেই ওই মাঠ অনুশীলনের জন্য দেওয়া হয়েছিল। অনেক পেশাদার ফুটবল দল ওই মাঠে অনুশীলন করে। কেউ কোনও দিন অভিযোগ করেনি। ওখানে অনুশীলনের সব রকম ব্যবস্থা রয়েছে। বেলজিয়াম দলের এই অভিযোগে আমরা অবাক হয়েছি।”
এর আগে বালোগুন লাল কার্ড দেখার পর তাঁর সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া ক্ষোভ দেখিয়েছিল বেলজিয়াম। ফিফার কাছে লিখিত আবেদন করেছিল তারা। সেই আবেদন খারিজ হয়ে যায়। যদিও আমেরিকাকে হারাতে কষ্ট করতে হয়নি বেলজিয়ামকে। ৪-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। এ বার সামনে স্পেন। তার আগে অনুশীলনের মাঠ নিয়ে বায়না করল বেলজিয়াম।




Comments